বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা ফের যাচাই করছে ইসি, বাদ পড়েছে কোন ইউনিয়ন? সরকারি চাকরিতে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন এসএসসি পাসেও প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা, সরকারের পরিকল্পনায় থাকছে কী? ঢাবিতে তিন প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে ১০ হাজার ৬৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, বাস্তবায়ন কতদূর? চা পান করছেন প্রতিদিন, কিন্তু কতটা গরম হলেই বাড়ে ক্যানসারের ঝুঁকি? ই-রিকশা নিবন্ধনে নতুন নিয়ম, প্রথম ধাপে অনুমোদন পাবে সর্বোচ্চ ২ হাজার এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড ইয়ামালের হার্ট অ্যাটাকের আগেই যে ৩ রোগ বাড়িয়ে দেয় হৃদ্‌রোগের ঝুঁকি যে কারণে আজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে তিন প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০.১৬ এএম
  • ৮ Time View
21

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিনটি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রোগ্রামগুলোতে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রোগ্রাম তিনটি হলো এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) এবং মাস্টার অব সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এমএসএসই)। প্রতিটি প্রোগ্রামের যোগ্যতা, আবেদন ফি ও সময়সূচি আলাদা।

এমআইটি প্রোগ্রাম: এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ প্রোগ্রামে মোট ৩৬ ক্রেডিট আওয়ার রয়েছে। ১০টি কোর্সের পাশাপাশি প্রজেক্ট বা ইন্টার্নশিপ করতে হবে। প্রোগ্রামটির ন্যূনতম মেয়াদ এক বছর ছয় মাস। ডেটা সায়েন্স, ইনফরমেশন সিকিউরিটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিশেষায়িত বিষয়ে পড়ার সুযোগ থাকবে। ক্লাসরুম ও ল্যাবের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কাছ থেকেও শেখার সুযোগ রয়েছে।

এ প্রোগ্রামে আবেদনের জন্য চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, আইসিটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির পর তথ্যপ্রযুক্তিতে এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।

স্নাতক পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৪-এর মধ্যে ২ দশমিক ৫০ থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। তথ্যপ্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

এ প্রোগ্রামে আবেদনের শেষ সময় ১৮ ডিসেম্বর ২০২৬। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৯ ডিসেম্বর এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ২৪ জানুয়ারি ২০২৭। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

পিজিডিআইটি প্রোগ্রাম: তথ্যপ্রযুক্তিতে স্নাতক ডিগ্রি না থাকলেও পিজিডিআইটি প্রোগ্রামে আবেদনের সুযোগ রয়েছে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর জিপিএ বা সিজিপিএ কমপক্ষে ৪-এর মধ্যে ২ দশমিক ৫০ থাকতে হবে।

এ প্রোগ্রামে মোট ৩৬ ক্রেডিট আওয়ার রয়েছে। এক বছর মেয়াদি এ কোর্সে সন্ধ্যাকালীন ক্লাস হবে। পাঠ্যক্রমে আটটি কোর্স, চারটি ল্যাব এবং একটি প্রজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে। কোর্সটি শেষ করার পর এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামে ভর্তির যোগ্যতাও অর্জন করা যাবে।

পিজিডিআইটি প্রোগ্রামে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। লিখিত পরীক্ষা ৪ ডিসেম্বর এবং ফল প্রকাশ করা হবে ৬ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ১০ জানুয়ারি ২০২৭। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

এমএসএসই প্রোগ্রাম: মাস্টার অব সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এমএসএসই) প্রোগ্রামটি পূর্ণকালীন ও গবেষণাভিত্তিক। এতে মোট ৩৬ ক্রেডিট আওয়ারের মধ্যে ১৮ ক্রেডিট কোর্স এবং ১৮ ক্রেডিট থিসিস রয়েছে। প্রোগ্রামটির ন্যূনতম মেয়াদ এক বছর ছয় মাস।

এ প্রোগ্রামে আবেদনের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি অথবা সমমানের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৪-এর মধ্যে ৩ দশমিক ২৫ হতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে।

যাঁরা স্নাতকের চূড়ান্ত পরীক্ষা শেষ করেছেন এবং ২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ফল প্রকাশের প্রত্যাশা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

এ প্রোগ্রামে আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬। লিখিত পরীক্ষা ৪ ডিসেম্বর, মৌখিক পরীক্ষা ১৯ ডিসেম্বর। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩ জানুয়ারি ২০২৭ এবং নিবন্ধন ৪ জানুয়ারি। ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৭। আবেদন ফি ২ হাজার টাকা।

তিনটি প্রোগ্রামেই অনলাইনে আবেদন করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির ভর্তি ওয়েবসাইটে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য admission.iit.du.ac.bd ওয়েবসাইটে যেতে হবে। প্রয়োজনে আইআইটি অফিসে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া যোগাযোগ নম্বর ০১৭৭৯৪৮২৯৯৪ এবং ই-মেইল iit@du.ac.bd।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026