
মোঃ জাহিদ তালুকদার কলাপাড়া প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের পায়রা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদ।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী, কেয়ার, আভাস, কনসার্ন ও গুড নেইবারস।