বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড ইয়ামালের

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮.১১ এএম
  • ১২ Time View
26

কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। তাঁর গোলের সুবাদে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেছেন রাফিনহা। তবে জয় উদ্‌যাপনের চেয়ে স্পেনের ফুটবলার দে মিগেলের মৃত্যুর খবরে শোকাহত ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

মঙ্গলবার ক্যাম্প ন্যুতে ম্যাচের সপ্তম মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে ১৯ বছর বয়সে এটি তাঁর ১৪তম গোল। এর আগে এই রেকর্ড ছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দখলে। কিশোর বয়সে প্রতিযোগিতাটিতে তাঁর গোলসংখ্যা ছিল ১৩।

বিরতির পর ম্যাচের ৫২ ও ৬৪ মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন রাফিনহা। তবে ম্যাচ শেষে ফুটবল নিয়ে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি। দে মিগেলের মৃত্যুর খবর তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রাফিনহা বলেন, ‘খবরটা দেখার পর আমার ভালো লাগছিল না। সেও ছিল আমার মতোই ফুটবলার। এটা তো আমাদের যে কারও সঙ্গে হতে পারত। আমার সঙ্গেও হতে পারত।’ প্রায় সমবয়সী একজন ফুটবলারের মৃত্যু তাঁকে বেশি কষ্ট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে মাঠে যাওয়া এবং খেলা খুব কঠিন।’

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও দে মিগেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে বড় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে দে মিগেলের পরিবার, ক্লাব ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফ্লিকের মতে, এ ঘটনা রাফিনহাকেও গভীরভাবে নাড়া দিয়েছে। এমন শোকের মধ্যে মাঠে নেমে খেলা যে কঠিন, সেটিও বুঝতে পারছেন বার্সা কোচ।

এদিকে আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যে চার গোল করে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম সময়ে চার গোলের রেকর্ড গড়েছে প্যারিসের দলটি।

পিএসজির হয়ে জোড়া গোল করেন ফাবিয়ান রুইজ। একটি করে গোল করেছেন জোয়াও নেভেস, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ১৭ বছর বয়সী ডেভিড বলি। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দলটি। চ্যাম্পিয়নস লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও গড়েছে পিএসজি।

অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে গোল করেছেন ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল ও কনরাড লাইমার। টানা দুই ম্যাচ ড্রয়ের পর এই জয়ে ফিরেছে বায়ার্ন। জয়ের ফলে পয়েন্ট তালিকার সেরা আটেও উঠে এসেছে দলটি।

এ ছাড়া ফেইনুর্দকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। আর রোমাকে ৩-২ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে জোড়া গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা। দলটির হয়ে অন্য গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026