মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশের ৫০৩টি উপজেলায় তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করতে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তিনি।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে খুলনা জেলা স্টেডিয়ামে। বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে।
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে দুই সপ্তাহের ব্যবধানে এটি মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তাঁর এ সফর ঘিরে বন্দর সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।