
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে নতুন বস্ত্রসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের মানুষের পারস্পরিক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ সৌহার্দ্য বজায় রেখে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।
তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সবার। সমাজের সব মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।