
গোপালগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর উদযাপন’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
মতবিনিময় সভায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি, তাদের বিভিন্ন যৌক্তিক সমস্যা চিহ্নিতকরণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।