
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য র্যালি ও সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রদর্শনীর মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুকসুদপুরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘হাত ধোয়ার নায়ক হোন’।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. বিপ্লব হোসেন, মুকসুদপুর পৌরসভার প্রকৌশলী মো. নাহিদ হোসেন এবং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য হাত পরিষ্কার রাখার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার তৈরি ও গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং জীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে—এমন কাজের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া প্রয়োজন। নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাসে অভ্যস্ত করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।