
সাইফুল ইসলাম- গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা খানম (৩৫) নামের এক নারীকে আটক করেছে (এস আর বি -৬)। রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরের পুলিশ লাইন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এস আর বি-০৬ এর দেওয়া তথ্য অনুযায়ী, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।
এস আর বি-০৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এস আর বি-০৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে পরিবহনে আসা নাজমা খানম একটি কাপড় বহনের ব্যাগ নিয়ে বাস থেকে নামেন। পরে রিকশায় ওঠার জন্য অপেক্ষা করার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়।
এস আর বি-০৬ আরও জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।