
সামসু উদ্দিন বাবু: কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি চা বাগানের প্রায় ৫৫০ জন চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার দিলদারপুর, বিজয়া ও মেরিনা চা বাগানের শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়।
৪নং জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, বিগত নির্বাচনের সময় চা বাগানগুলোতে ভোট চাইতে গিয়ে দেখেছেন, নারী চা শ্রমিকেরা রোদ-বৃষ্টিতে ভিজে কাজ করছেন। তখন তিনি তাঁদের রেইনকোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আজ রেইনকোট নিয়ে তাঁদের কাছে এসেছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও চা শ্রমিকদের পাশে থাকবেন। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের চা বাগানের শ্রমিকদের কাছেও রেইনকোট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, বিএনপি নেতা মইনুল হক বকুল এবং তিনটি চা বাগানের ব্যবস্থাপকরা।
এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।