
নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের কোঠারা কান্দি থেকে বুমোরীয়া পর্যন্ত প্রায় ৩ হাজার সুপারি গাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগকে স্থানীয়ভাবে পরিবেশ উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা প্রশাসন, মুকসুদপুর, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম তুষার আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার আব্দুল বাতেন লোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়েও সবাইকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, সড়কের দুই পাশে সুপারি গাছ রোপণের মাধ্যমে এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে গাছগুলো থেকে অর্থনৈতিক সুবিধা পেয়ে স্থানীয় জনগণ লাভবান হবেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং গাছগুলোর পরিচর্যায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বক্তারা আরও বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে এখনই আমাদের সচেতন হতে হবে এবং গাছ লাগানোর কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।”
কর্মসূচি শেষে জেলা প্রশাসক নওহাটা আব্দুর রহিম মিয়া উচ্চ বিদ্যালয়ে ১০০ জন ছাত্র-ছাত্রীর সঙ্গে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে প্রায় ২০ মিনিট আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞানচর্চা এবং নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি ৬৪ নং নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।