২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে ফরম পূরণ করবেন
প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশিত সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা থেকে নিজের তথ্য যাচাই করতে হবে। এরপর ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচনসহ ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
একই নামে একাধিক পরীক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে সঠিক শিক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ভুল হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ফরম পূরণের পর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা বা ‘ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট’ প্রিন্ট করার সুযোগ চালু হবে। তালিকাটি যাচাই করে পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। স্বাক্ষরযুক্ত একটি কপি প্রতিষ্ঠানেই সংরক্ষণ করতে হবে।
পরীক্ষার ফি কত
বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ফি ১২৫ টাকা। ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য দিতে হবে ২৫ টাকা। এ ছাড়া পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। কেন্দ্র ফি এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিশোধ করতে হবে।
সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। অনলাইনে ফরম পূরণের শেষ সময় ৯ নভেম্বর হলেও ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
কোন সিলেবাসে পরীক্ষা
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করা হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ, ফি জমা এবং চূড়ান্ত তালিকায় নিজের তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।