ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের বহু আশ্রয়শিবির প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল। এতে নারী, শিশুসহ হাজারো মানুষ নতুন করে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন।
শনিবার (৭ নভেম্বর) গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে দেড় হাজারের বেশি জরুরি সহায়তার আবেদন পেয়েছে তারা। ভারী বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার আশ্রয়শিবির তলিয়ে গেছে। অনেক তাঁবুতে পানি ঢুকে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বাস্তুচ্যুত পরিবারগুলো।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গাজার সিভিল ডিফেন্সের পরিচালক পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবা ও ত্রাণসহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে আশ্রয় হারানো মানুষের জন্য দ্রুত নতুন তাঁবু সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বৃষ্টির পানিতে তাদের তাঁবু ভেসে যাচ্ছে। ফলে আগে থেকেই সংকটের মধ্যে থাকা পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দুর্যোগের ব্যাপকতা মোকাবিলা এবং প্লাবিত এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত সম্পদ তাদের হাতে নেই। এ কারণে এককভাবে পুরো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সহায়তা সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ত্রাণ, আশ্রয় উপকরণ এবং প্রয়োজনীয় সেবা নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা