মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২.৫২ এএম
  • ১৯ Time View
44

সেলিম মাহবুব, ছাতক:

দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে ক্যাবল কার চালু করা হলে সিলেট অঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ের নির্মাণকাজ শুরু হয় ১৯৬৪ সালে এবং শেষ হয় ১৯৭০ সালে। রেললাইনে পাথর পরিবহনের জন্য নির্মিত রোপওয়েটি দীর্ঘদিন চালু থাকার পর ২০১৩ সালের ৩১ ডিসেম্বর বন্ধ হয়ে যায়।

রোপওয়েতে রয়েছে ১২০টি ট্রেসেল (খুঁটি), চারটি স্টেশন ও ৪২৫টি বাকেট। একসময় এর মাধ্যমে বছরে প্রায় ১২ লাখ ঘনফুট পাথর পরিবহন করা হতো। দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে এর বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পর্যটনে নতুন সম্ভাবনা

স্থানীয়দের অভিমত, রোপওয়েটি যথাযথভাবে সংস্কার করে পর্যটকদের জন্য ক্যাবল কার চালু করা গেলে ছাতক থেকে ভোলাগঞ্জ পর্যন্ত নদী, টিলা, হাওর ও মেঘালয়ের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের নতুন সুযোগ তৈরি হবে।

এতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি ছাতক ও ভোলাগঞ্জ এলাকায় হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ বিভিন্ন পর্যটনসেবা গড়ে উঠতে পারে। সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান এবং সরকারের রাজস্ব আয়ের সুযোগ।

এ ছাড়া মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার বাঁশতলা (হকনগর) এলাকার সঙ্গে পর্যটন যোগাযোগ উন্নত করা হলে ওই এলাকাও পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে।

সরকারি উদ্যোগের দাবি

ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদসহ স্থানীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা রোপওয়েটি সংস্কার করে পর্যটন খাতে ব্যবহারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

তাঁদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণে রোপওয়েটি পর্যটনকেন্দ্রে রূপান্তর করা সম্ভব। তবে এ জন্য প্রথমে অবকাঠামোর কারিগরি ও নিরাপত্তা যাচাই, সম্ভাব্যতা সমীক্ষা এবং বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

তাঁরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই সরকারি সম্পদ পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026