শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরিবর্তন নেই, বহাল হাইকোর্টের আদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪.৩৪ পিএম
  • ২২ Time View
50

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আপাতত নির্ধারিত সময়ের মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত এ আদেশ দেন। আগামী সোমবার এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সরকারের পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল করার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার তাদের রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের প্রধান যুক্তি।

এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর ‘লোকাস স্ট্যান্ডি’ নিয়েও প্রশ্ন তোলেন কাজী জয়নাল আবেদীন। তাঁর ভাষ্য, যেসব শিক্ষার্থীর স্বার্থের কথা উল্লেখ করে রিটটি করা হয়েছে, তাঁদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের কেউই ওই আবেদনের পক্ষ নন। জনস্বার্থে করা রিটের অপব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ টেনে ঢাবির এই আইনজীবী বলেন, দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় থাকা বৃহত্তর মেধাবী শিক্ষার্থীদের অধিকার ব্যাহত করা ঠিক হবে না।

বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধান করা সম্ভব ছিল বলে মন্তব্য করেন কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, অধিকার কখনোই নিরঙ্কুশ নয়। রিটের মাধ্যমে এমন কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যিনি আদৌ সেই সুবিধা নিতে পারবেন কি না, তা অনিশ্চিত।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026