শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নৌকার ছবি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাইলট

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০.১০ পিএম
  • ২২ Time View
46

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিসকেইন বে এলাকায় নৌকার ছবি ও ভিডিও ধারণের সময় পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এতে পাইলট নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারে থাকা এক ফটোগ্রাফার ও এক ভিডিওগ্রাফার।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ সম্পর্কে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি পানির পৃষ্ঠের অত্যন্ত কাছ দিয়ে উড়ছিল। একপর্যায়ে মোড় নেওয়ার সময় এর পাখা পানিতে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিধ্বস্ত হয়।

গত ৪ নভেম্বর কি বিসকেইন এলাকার বিল ব্যাগস স্টেট পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। মায়ামি-ডেড শেরিফের কার্যালয় জানিয়েছে, সমুদ্র উপকূলে একটি পাওয়ারবোট ইভেন্টের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে হেলিকপ্টারটি সেখানে যাচ্ছিল।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল রবিনসন আর৪৪-২ মডেলের। এনটিএসবির প্রতিবেদনে বলা হয়েছে, ছবি ও ভিডিও ধারণের সুবিধার্থে হেলিকপ্টারটির কয়েকটি দরজা খুলে রাখা হয়েছিল। এ সময় সেটি পানির খুব কাছ দিয়ে নিচু উচ্চতায় উড়ছিল।

তদন্ত প্রতিবেদনে ফটোগ্রাফারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রথমে একটি নৌকার ডান পাশে নিচু দিয়ে সমান্তরালভাবে উড়ছিল। পরে ভালো ছবি পাওয়ার জন্য নৌকাটির সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় নৌকাটি হেলিকপ্টারের নিচ দিয়ে অতিক্রম করছিল।

ঠিক তখনই ভিডিওগ্রাফার হেলিকপ্টারের পাখা পানিতে আঘাত করতে দেখেন। এরপর মুহূর্তের মধ্যেই সেটি পানিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হেলিকপ্টারটিকে পানির নিচে উল্টে পড়ে থাকতে দেখা যায়। এর ল্যান্ডিং স্কিডের সঙ্গে হলুদ রঙের দুটি জরুরি ফ্লোট যুক্ত ছিল। পানিতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টারকে ভেসে থাকতে সহায়তা করার জন্য এ ধরনের ফ্লোট ব্যবহার করা হয়।

দুর্ঘটনার সময় আশপাশে থাকা কয়েকটি নৌকার যাত্রীরা বিপদসংকেত পাঠান। মায়ামি-ডেড কাউন্টির শেরিফ রোজি কর্দেরো-স্টুটজ জানান, একজন ব্যক্তি আহতদের একজনকে উদ্ধারের চেষ্টাও করেন।

খবর পেয়ে স্থানীয় একাধিক উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থার সদস্যরাও অংশ নেন।

এনটিএসবির প্রতিবেদনটি প্রাথমিক তদন্তের অংশ। দুর্ঘটনার বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে এর সব কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026