
পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও শস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। মেলায় রয়েছে জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্য, বিন্নি চালের পিঠা, পাজনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি মঞ্চে পরিবেশিত হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।