সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান। এ জন্য এমন একজন কর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি, যার কাজ হবে ঘণ্টার পর ঘণ্টা রিলস স্ক্রল করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে, তা শনাক্ত করে সংশ্লিষ্টদের জানানো।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ এ নিয়োগের উদ্যোগ নিয়েছে। দীপাবলি উপলক্ষে প্রকাশ করা একটি ভিডিওতে প্রতিষ্ঠানটির কর্মীরা নতুন এই নিয়োগের কথা জানান। খবর এনডিটিভির।
ভিডিওতে প্রতিষ্ঠানের এক কর্মী বলেন, যারা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাঁদের এই অভ্যাসের জন্যই অর্থ দিতে চায় প্রতিষ্ঠানটি। এমন একজন ‘ডুমস্ক্রোলার’ খোঁজা হচ্ছে, যিনি সারাদিন রিলস দেখবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।
যেভাবে আবেদন করবেন
চাকরিতে আগ্রহীদের ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টে যেতে হবে। ওই অ্যাকাউন্টের বায়োতে দেওয়া গুগল ফরমের লিংক ব্যবহার করে আবেদন করা যাবে।
আবেদন ফরমে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। পাশাপাশি তিনি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, তা নির্বাচন করতে হবে। কোন পদে কাজ করতে আগ্রহী, বর্তমান বেতন কত এবং প্রত্যাশিত বেতন কত—এসব তথ্যও চাওয়া হয়েছে।
ফরম জমা দেওয়ার আগে জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওতে আগ্রহীদের মন্তব্যের ঘরে ‘হাই’ লিখতেও বলা হয়েছে। উদয়পুরে বসবাসকারী আগ্রহীদের সরাসরি বার্তার মাধ্যমে আবেদনসংক্রান্ত লিংক পাঠানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতিমধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।
ব্যতিক্রমী এই চাকরির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ চাকরিটিকে ‘পারফেক্ট জব’ বলেছেন, আবার কেউ জানিয়েছেন, এমন সুযোগেরই অপেক্ষায় ছিলেন তাঁরা। একজন মন্তব্যকারী মজা করে প্রতিষ্ঠানটিকে তাঁকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং কাজ পেলে সেরা পারফরমার হওয়ার আশাও প্রকাশ করেছেন।