
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় নবম, অষ্টম ও দশম শ্রেণির ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।
টিসি পাওয়া শিক্ষার্থীরা হলেন—নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি; অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের সামনের বারান্দায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয়। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে গত বুধবার (৪ নভেম্বর) প্রধান শিক্ষকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনার ভিত্তিতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে নিষিদ্ধ রাজনৈতিক দলের পক্ষে কয়েকজন শিক্ষার্থী স্লোগান দেয়। ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ৯ শিক্ষার্থীকে টিসি দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ আরও কঠোর শাস্তির দাবি করেছেন। অন্যদিকে, কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে সিদ্ধান্তের নিন্দাও জানিয়েছেন।