নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত এবং ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী।
এতে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারার ৪ উপধারা (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধের আওতাভুক্ত। এ কারণে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।