বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

বছরে ২ কোটি কোরআন ছাপে মদিনার যে প্রতিষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭.০১ এএম
  • ১৭ Time View
40

বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের কাছে পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে সৌদি আরবের মদিনায় কাজ করছে বিশ্বের বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্রগুলোর একটি। ‘কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স’ নামের প্রতিষ্ঠানটির বছরে দুই কোটির বেশি কপি মুদ্রণের সক্ষমতা রয়েছে। কোরআন মুদ্রণের পাশাপাশি বিভিন্ন ভাষায় এর অর্থ অনুবাদ, প্রকাশনা ও বিশ্বজুড়ে বিতরণের কাজও করে প্রতিষ্ঠানটি।

মদিনায় অবস্থিত এই কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১৯৮৪ সালের ৩০ অক্টোবর। শুরুতে বছরে প্রায় ৮০ লাখ কপি মুদ্রণের সক্ষমতা থাকলেও আধুনিক প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থার উন্নয়নে তা বাড়িয়ে দুই কোটির বেশি করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও সৌদিপিডিয়ার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য কোরআনের কপি ও সংশ্লিষ্ট প্রকাশনা তৈরি করছে।

২০২৫ সালের আগস্টে এসপিএর এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা দুই কোটির বেশি বলে জানানো হয়। পরবর্তী সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ১ কোটি ২০ লাখের বেশি কপি মুদ্রিত হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত হিসাব বলছে, চলতি বছর উৎপাদনের পরিমাণ ছাড়িয়েছে দেড় কোটি কপি। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির মোট উৎপাদন ৪০ কোটি কপি ছাড়িয়েছে।

কোরআন মুদ্রণের পাশাপাশি অনুবাদের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত। আরবি ভাষা না জানা মুসলমানদের কাছে পবিত্র কোরআনের অর্থ পৌঁছে দিতে বিভিন্ন ভাষায় অনুবাদ প্রকাশ করা হয়। ২০২৬ সালের প্রকাশিত তথ্য অনুযায়ী, কোরআনের অর্থ অনুবাদের ভাষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯টিতে। এসব অনুবাদ ও প্রকাশনা বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির কার্যক্রম শুধু ছাপাখানার মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনবিষয়ক গবেষণা, সম্পাদনা, ডিজিটাল প্রকাশনা এবং অনলাইন মাধ্যমে অনুবাদ সহজলভ্য করার কাজও করছে তারা। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কোরআনের পাঠ ও অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগের মাধ্যমে বিশ্বের আরও বেশি মানুষের কাছে পবিত্র গ্রন্থটির শিক্ষা তুলে ধরার চেষ্টা চলছে।

মালয়েশিয়াতেও রয়েছে বড় পরিসরের কোরআন মুদ্রণকেন্দ্র। দেশটির প্রশাসনিক শহর পুত্রজায়ায় অবস্থিত ‘নাসিরুল কোরআন কমপ্লেক্স’কে সৌদি আরবের কিং ফাহাদ কমপ্লেক্সের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র হিসেবে বর্ণনা করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

অ্যাসোসিয়েটেড প্রেসের ১০ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, নাসিরুল কোরআন কমপ্লেক্সে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি কোরআন মুদ্রণ করা যায়। প্রায় ৩০টি ভাষায় কোরআন প্রকাশের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার কপি মুদ্রণ করা হয়। উৎপাদনপ্রক্রিয়ায় ৫০ থেকে ৮০ জন কর্মী যুক্ত থাকেন।

এই কমপ্লেক্সে কোরআন মুদ্রণের প্রতিটি ধাপে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। ছাপা কাগজের রং ও লেখা পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা ভুলত্রুটি যাচাই করেন। সংশ্লিষ্ট পরীক্ষকদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা সম্পূর্ণ কোরআন মুখস্থ থাকতে হয়। এরপর পৃষ্ঠা ভাঁজ, সেলাই ও বাঁধাইয়ের কাজ সম্পন্ন হয়। তৈরি প্রতিটি কপিও আবার পরীক্ষা করা হয়, এমনকি পৃষ্ঠা কম-বেশি হয়েছে কি না তা শনাক্ত করতে ওজনও নেওয়া হয়।

মালয়েশিয়ার এই প্রতিষ্ঠান কোরআনের বিভিন্ন ভাষার অনুবাদ ছাপানোর পাশাপাশি দাতব্য উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশে কপি বিতরণ করে। ফলে সৌদি আরবের মদিনা ও মালয়েশিয়ার পুত্রজায়ার এই দুই প্রতিষ্ঠান কোরআন মুদ্রণ, অনুবাদ ও বিতরণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026