বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

খাবারের খোঁজে বন থেকে বেরিয়ে এলেন আভা আদিবাসীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭.০৫ এএম
  • ১৩ Time View
30

ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করা আভা আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য বিরল এক ঘটনায় বন থেকে বেরিয়ে সরকারি একটি দলের কাছে খাবার চেয়েছেন। তাঁদের এভাবে লোকালয়ের কাছে আসার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। অধিকারকর্মীদের আশঙ্কা, অবৈধ গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে নিজেদের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ায় খাবারের সংকটে পড়তে পারেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল এ ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করে। সংগঠনটির তথ্যমতে, আগের দিন সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে সরকারি একটি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকির কাছে প্রায় ২০ জন আভা আদিবাসীর সঙ্গে সরকারি দলের সদস্যদের সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা খাবার হিসেবে ইয়াম বা একধরনের কন্দজাতীয় খাবার চান এবং তা নিয়ে আবার বনে ফিরে যান।

আভারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদিবাসী জনগোষ্ঠী। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাইয়ের তথ্য অনুযায়ী, দেশটির মারানিয়াও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে তাঁদের বসবাস। এই জনগোষ্ঠীর কিছু সদস্য এখনো বাইরের মানুষের সঙ্গে স্থায়ী যোগাযোগ ছাড়াই স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছেন।

ঘটনাটি ঘটে আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের তাওয়ারি গ্রামের কাছে। গ্রামটি গুয়াজাজারা আদিবাসীদের বসতি। স্থানীয় গুয়াজাজারা সম্প্রদায়ের সদস্যরা ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে আদিবাসী অধিকার সংগঠনগুলোর অনুরোধে সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে।

বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। সংস্থাটি পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনাও সক্রিয় করেছে, যাতে সম্ভাব্য যোগাযোগের ঘটনায় আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমানো যায়। তবে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা ব্রাজিল সরকারের নীতি নয় বলে জানিয়েছে সংস্থাটি।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা আভাদের ভূখণ্ডের চারদিক থেকে এগিয়ে আসছে। এতে তাঁরা ক্রমেই ছোট হয়ে আসা আমাজন বনাঞ্চলের একটি অংশে আটকে পড়ছেন, যার চারপাশে চলছে বন ধ্বংস। তাঁর মতে, বিচ্ছিন্ন আভা জনগোষ্ঠী বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে।

মারানিয়াওর আদিবাসী সংগঠন কোয়াপিমা বলেছে, এ ঘটনা দায়িত্বশীল সরকারি সংস্থাগুলোর সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কারণ, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ তাঁদের জীবন বিপন্ন করতে পারে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে স্থানীয় আদিবাসী নেতাদের বরাতে বলা হয়েছে, আভা জনগোষ্ঠীর কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা, বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্বলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁদের বন থেকে বেরিয়ে আসার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো অবৈধ খনি কার্যক্রম, গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ক্রমাগত চাপের মুখে পড়েছে। বন উজাড়ের ফলে তাঁদের খাদ্য সংগ্রহ, বসবাস ও নিজস্ব জীবনধারা বজায় রাখার সুযোগও সংকুচিত হচ্ছে।

বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের কারণে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বড় উদ্বেগের বিষয়। বিচ্ছিন্ন জনগোষ্ঠীর অনেকেরই সাধারণ সংক্রামক রোগের বিরুদ্ধে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা থাকে না। ফলে সামান্য সংক্রমণও তাঁদের মধ্যে মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো বলেন, বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকবে না। আদিবাসী অধিকারকর্মীদের মতে, আভাদের জীবনধারা ও অস্তিত্ব রক্ষায় তাঁদের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং বন সংরক্ষণ জরুরি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026