বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ইরানে নতুন হামলার পক্ষে যুক্তরাষ্ট্রে লবিং মোসাদপ্রধানের

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭.০০ এএম
  • ১৫ Time View
27

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা পুনরায় শুরু করতে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে তৎপরতা চালিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি এ বিষয়ে আলোচনা করেন এবং ইরানসংক্রান্ত ইসরায়েলের গোয়েন্দা তথ্য তুলে ধরেন। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সফরে গোফম্যান মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ইরানের বিষয়ে ইসরায়েলের গোয়েন্দা তথ্য তুলে ধরেন। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত তথ্যও ছিল বলে সূত্রগুলো জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াশিংটন সফরের পর গোফম্যান ফ্লোরিডার মিয়ামিতে যান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর বৈঠক হয়। উইটকফ ইরান ও ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় যুক্ত রয়েছেন।

গত ৯ নভেম্বর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানে নতুন করে হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত এড়াতে কাতার পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে। ট্রাম্পের ওই ঘোষণার পরই মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর এবং নতুন হামলার পক্ষে তাঁর তৎপরতা সামনে আসে।

এদিকে ইরানে নতুন করে হামলা চালানো হলে তেহরান উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা আঘাত হানতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ওই অঞ্চলের নেতারা। কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত তৃতীয় এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোর নেতারা ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর অনুরোধ করেছেন। তাঁদের আশঙ্কা, নতুন হামলা হলে ওই অঞ্চলে থাকা মার্কিন মিত্র ও স্থাপনাগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ইরানে সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন। গত মাসের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহু বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ক্ষমতা হারানোর ঝুঁকি রয়েছে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে নেতানিয়াহু আঞ্চলিক সংঘাত বাড়ানোর চেষ্টা করছেন। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্স জানিয়েছে, গোফম্যানের যুক্তরাষ্ট্র সফরের সময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সাবেক ইসরায়েলি মন্ত্রী রন ডারমারও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যৌথ হামলার পক্ষে কথা বলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ ইরানের জন্য এতটাই ক্ষতিকর হয়ে উঠেছে যে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই বলে মনে করছে প্রশাসন।

ওই কর্মকর্তা আরও বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্পের হাতে সব বিকল্প খোলা রয়েছে। গোফম্যান ও সিআইএ পরিচালকের বৈঠক সম্পর্কে হোয়াইট হাউস বিস্তারিত মন্তব্য করেনি। সিআইএও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী, ইরান এখনই ইসরায়েলের জন্য তাৎক্ষণিক হুমকি নয়। ইউরোপীয় দুই কর্মকর্তাও মনে করেন, ইরানের অর্থনীতি চাপের মুখে থাকলেও দেশটির সরকার আসন্ন পতনের মুখে—এমন কোনো ইঙ্গিত নেই। নতুন করে সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কী অর্জন করতে পারবে, তা নিয়েও তাঁদের সংশয় রয়েছে।

সূত্র: রয়টার্স, অ্যাক্সিওস, টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026