সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩.৩০ পিএম
  • ২৬ Time View
54

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫ হাজার ৭৬০টি ডিসপ্লে উদ্ধার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।

এ সময় ভারতের দিক থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, নভেম্বর মাসে মাদক চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়নের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ ও ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত গত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০৭ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামালসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা। এ সময় ২৪ জনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026