আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার উপযোগী দক্ষ ও যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আগামীর বিশ্বে যারা নেতৃত্ব দিতে পারবে, এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অর্জিত অভিজ্ঞতা, ধারণা ও জ্ঞান শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে।
শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়টি জানানো হয়।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম