ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্য রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলা করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আকিব। তাকে গ্রেপ্তারের পর আজ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ইসমাঈল জানিয়েছেন, গ্রেপ্তার সাজ্জাদ আকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সূত্র:Channel 24