শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

তিনবার বিয়ের কাছাকাছি গিয়েও কেন থেমেছেন সুস্মিতা?

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭.৫০ পিএম
  • ২১ Time View
44

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। বিশেষ করে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী। কেন বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, তা ২০২২ সালে এক সাক্ষাৎকারে খোলামেলাভাবে জানিয়েছিলেন তিনি। পরে ২০২৬ সালের আগস্টে বিয়ে নিয়ে নতুন প্রশ্নের মুখেও মজার জবাব দিয়েছেন।

আজ ১৯ নভেম্বর সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে পুরোনো আলোচনাও নতুন করে সামনে এসেছে।

২০২২ সালে অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র ‘দ্য আইকনস’ অনুষ্ঠানে আলাপচারিতায় বিয়ে না করার কারণ জানান সুস্মিতা। তিনি বলেন, জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে পরিচয় হলেও তাঁদের কাছ থেকে হতাশ হতে হয়েছে। বিয়ে না করার পেছনে এটিই ছিল প্রধান কারণ।

সাক্ষাৎকারে সুস্মিতা আরও জানান, তিনবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত বিয়ে হয়নি। তাঁর ভাষায়, তিনবারই ঈশ্বর তাঁকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করেছেন। পরে ওই ব্যক্তিদের জীবনে নানা জটিলতা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

সুস্মিতা স্পষ্ট করে বলেন, তাঁর দুই মেয়ের কারণে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। বরং তাঁর জীবনে আসা মানুষদের মেয়েরা আন্তরিকভাবে গ্রহণ করেছে। তাদের সঙ্গে ভালোবাসা ও সম্মানের সম্পর্কও গড়ে তুলেছে। সন্তানদের কখনো নিজের ব্যক্তিগত সম্পর্কের বাধা হিসেবে দেখেননি অভিনেত্রী।

বিয়ে নিয়ে ২০২৬ সালের আগস্টেও কথা বলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম লাইভে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, কবে বিয়ে করবেন তিনি। জবাবে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবেন আপনি আর আমিও।’ তাঁর এই মন্তব্যে বিয়ের বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি।

সুস্মিতার মাতৃত্বের যাত্রাও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০০ সালে রেনে নামের এক মেয়েকে দত্তক নেন তিনি। পরে ২০১০ সালে পরিবারে আসে দ্বিতীয় মেয়ে আলিসা। দুই মেয়েকে নিয়ে একক মা হিসেবে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। সন্তানদের বড় করে তোলার পাশাপাশি নিজের অভিনয়জীবনও এগিয়ে নিয়েছেন তিনি।

মডেল রোহমান শলের সঙ্গেও সম্পর্কে ছিলেন সুস্মিতা। ২০২১ সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা জানান অভিনেত্রী। সে সময় তিনি লিখেছিলেন, বন্ধুত্ব দিয়ে তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল, বন্ধুত্ব দিয়েই তা থাকবে। প্রেমের সম্পর্ক শেষ হলেও ভালোবাসা রয়ে গেছে। পরবর্তী সময়ে তাঁদের বন্ধুত্বপূর্ণ যোগাযোগের বিষয়টিও আলোচনায় এসেছে।

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান সুস্মিতা। ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ‘বিবি নম্বর ওয়ান’, ‘ফিজা’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘আরিয়া’ ওয়েব সিরিজেও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।

বিয়ে নিয়ে সুস্মিতার বক্তব্যে বরাবরই একটি বিষয় স্পষ্ট—শুধু সামাজিক প্রত্যাশা পূরণের জন্য বিয়ে করতে চান না তিনি। উপযুক্ত সম্পর্ক ও নিজের সিদ্ধান্তের গুরুত্বকেই প্রাধান্য দিয়েছেন এই অভিনেত্রী।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026