শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ. ওয়াহেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

টানা দুই সপ্তাহ কমছে তেলের দাম, ব্যারেলপ্রতি ৯৫ ডলার

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭.৫২ পিএম
  • ২০ Time View
34

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমতির দিকে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত বেড়ে যাওয়াকে এই দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহমূল্য প্রতি ব্যারেলে ২৮ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে দাঁড়ায় ৮৮ দশমিক ১৮ ডলারে।

শুক্রবার সকালের এই দরপতনে আগের দুই দিনের মূল্যবৃদ্ধির ধারা থেমে যায়। পুরো সপ্তাহজুড়েই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা দেখা গেছে। তবে সপ্তাহ শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই কমতির দিকে রয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, চলতি সপ্তাহে ব্রেন্টের দাম প্রায় ২ দশমিক ৯ শতাংশ কমার পথে রয়েছে। আগের সপ্তাহেও এ তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমেছিল। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম চলতি সপ্তাহে প্রায় ২ দশমিক ৯ শতাংশ কমতে পারে, আগের সপ্তাহে যা কমেছিল প্রায় ১৩ শতাংশ।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি তেলের বাজারে বড় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় কিছুদিন আগে বাজারে স্বস্তি ফিরেছিল। তবে ইয়েমেনের হুতিদের সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি এবং উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে হামলার খবর নতুন করে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করে।

বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। তবে রয়টার্স এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। একই দিনে হুতিরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, ইয়ানবুর একটি তেল স্থাপনা এবং রিয়াদে সৌদি আরামকোর একটি ভবনে হামলার দাবি করে।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত ৪৭ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৪৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। জ্বালানির চাহিদা কিছুটা দুর্বল হওয়া এবং আমদানি বেড়ে যাওয়াও বাজারে দামের ওপর চাপ তৈরি করেছে।

তবে তেলের দাম কমলেও সরবরাহ নিয়ে ঝুঁকি পুরোপুরি কাটেনি। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে আবারও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও সরবরাহব্যবস্থার ওপর নজর রাখছেন ব্যবসায়ীরা।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026