শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সশস্ত্র তিন বাহিনীর নতুন পে-স্কেল, কোন পদে কত বেতন হচ্ছে?

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯.৩৯ এএম
  • ২৬ Time View
48

বেসামরিক সরকারি কর্মচারীদের পর এবার সশস্ত্র তিন বাহিনীর সদস্যদের জন্যও নতুন পে-স্কেল নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পদমর্যাদা অনুযায়ী মূল বেতন ও বিভিন্ন ভাতার হার নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা সংক্রান্ত আলাদা নির্দেশনা গত ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের বেতন-ভাতার নতুন কাঠামো তুলে ধরা হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।

নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রত্যেক বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই বেতন কাঠামো প্রযোজ্য হবে।

নতুন কাঠামোয় বেতন একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম ছয় মাসে নতুন নির্ধারিত বেতনের ৪০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসে আরও ৩০ শতাংশ পাবেন। সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটদের ক্ষেত্রে প্রথম ছয় মাসে ৫০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসে আরও ২৫ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সদস্য পূর্ণ হারে নতুন মূল বেতন পাবেন।

তবে নতুন ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হার অনুযায়ী ভাতা দেওয়া হবে।

নতুন নির্দেশনায় লেফটেন্যান্ট জেনারেল পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেলের ১ লাখ ৫৬ হাজার টাকা। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পদে ১ লাখ ৬৪ হাজার টাকা এবং রিয়ার অ্যাডমিরাল পদে ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

বিমানবাহিনীর এয়ার মার্শাল পদে মূল বেতন হবে ১ লাখ ৬৪ হাজার টাকা এবং এয়ার ভাইস মার্শাল পদে ১ লাখ ৫৬ হাজার টাকা।

ব্রিগেডিয়ার জেনারেল থেকে নিচের বিভিন্ন পদে চাকরির বছর অনুযায়ী বেতনের ধাপ নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল পদে ১৭তম বছরে মূল বেতন হবে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। একই সময়ে কর্নেল পদে ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর পদে ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্যাপ্টেন পদে প্রথম বছরের মূল বেতন হবে ৫৮ হাজার টাকা। লেফটেন্যান্ট পদে প্রথম বছরে ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে ৪৬ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ২ হাজার ৮৬০ টাকা। মেজর জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য এ ভাতা ২ হাজার ৪২১ টাকা।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল পদে ২ হাজার ২০০ টাকা, কর্নেল পদে ১ হাজার ৯৮২ টাকা এবং লেফটেন্যান্ট কর্নেল পদে ১ হাজার ৭৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মেজর ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ১ হাজার ৩৩০ টাকা। ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ের সদস্যদের জন্য এ ভাতা ৮৮০ টাকা। যোগ্যতা ভাতাও বাড়ানো হয়েছে, যা মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত।

নির্দেশনায় সেনাবাহিনীর পাইলট ও ফ্লাইট ক্রুদের জন্য পদমর্যাদা অনুযায়ী উড্ডয়ন ভাতা নির্ধারণ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ও তার ওপরের পদে মাসে ১২ হাজার টাকা এবং কর্নেল ও তার নিচের পদে ১০ হাজার টাকা দেওয়া হবে।

নৌবাহিনীর ক্ষেত্রে কমান্ডার ও তার ওপরের কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা এবং ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তারা ১০ হাজার টাকা উড্ডয়ন ভাতা পাবেন। বিমানবাহিনীতে এয়ার কমোডর ও তার ওপরের কর্মকর্তাদের জন্য ১২ হাজার টাকা, গ্রুপ ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তাদের জন্য ১০ হাজার টাকা এবং গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতাও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও তার ওপরের পর্যায়ে মাসে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ে ২ হাজার ২০০ টাকা, কর্নেল পর্যায়ে ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা দেওয়া হবে।

এ ছাড়া প্যারাসুট ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা, সাবমেরিন ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা, স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে।

নতুন নির্দেশনায় প্রতিরক্ষা সার্ভিস ভাতার হারও বাড়ানো হয়েছে। জেনারেল পর্যায়ে এ ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে।

কিট ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা করা হয়েছে।

নতুন করে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তানের ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতাও যুক্ত করা হয়েছে। মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।

প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা দেওয়া হবে। হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরতদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়েছে, তবে তা সর্বোচ্চ ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জন্য মাসে ২ হাজার টাকা তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা দেওয়া হবে।

এদিকে তিন বাহিনীর বর্তমান মোট সদস্যসংখ্যার হালনাগাদ তথ্য সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে ২০১৭ সালের ৭ জুন জাতীয় সংসদে জানানো হয়েছিল, সে সময় সেনাবাহিনীতে ১ লাখ ৬২ হাজার ১২৫ জন, নৌবাহিনীতে ২৫ হাজার ৮১ জন এবং বিমানবাহিনীতে ১৭ হাজার ৩৯০ জন সামরিক সদস্য ছিলেন। সব মিলিয়ে তখন তিন বাহিনীতে সামরিক সদস্যের সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন। পাশাপাশি তিন বাহিনীতে ২০ হাজার ৮৯৪ জন বেসামরিক কর্মী নিয়োজিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026