
নিজস্ব প্রতিনিধি -আজকের জাগরণ
গোপালগঞ্জের সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তাঁর প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত করেছেন।
সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি অনুষ্ঠিত হয় মুকসুদপুর উপজেলা হল রুমে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সরকারি প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদ আসিক কবির। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মুকসুদপুর উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার।