
নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রধান বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২২ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাছনাত।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি, মাছ ও মাংসের আড়তে তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ওজনে কোনো ধরনের কারচুপি হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করা হয়। যেসব দোকানে মূল্যতালিকা টানানো হয়নি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে, তাদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
পাশাপাশি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত পরিদর্শন করে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা অপসারণে নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং ও দখলমুক্ত অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।