শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বোমা বিস্ফোরণ,  আহত-০২

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮.২০ পিএম
  • ১৮ Time View
32

কুষ্টিয়ার মজমপুরে ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতা দু'জনই গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাদের পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আহত দু'জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-

ভাঙারি ব্যাবসায়ী সুমন কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে এবং ভাঙারি ক্রেতা রুহুল আমিন । কুষ্টিয়ার জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, সুমন বিভিন্ন জায়গা থেকে ভাঙারি সংগ্রহ করে থাকেন। শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তায় ভরে রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। রেললাইনের পাশে দোকানের সামনে ওই বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন দুজনই আহত হন। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত দু'জনকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যবসায়ী রুহুল সাংবাদিকদের বলেন, বেলা ২টার পর এক ব্যক্তি একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে দোকানের সামনে আসেন। বস্তাটি নামানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে আমরা বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি, সুমন ও রুহুল আহত অবস্থায় পড়ে আছেন। কী থেকে এমন বিস্ফোরণ ঘটেছে, তা বুঝতে পারিনি। তবে শব্দ শুনে মনে হয়েছে, শক্তিশালী কোনো বিস্ফোরক জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি আহত দুজন সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনো বিস্ফোরক জড়িত ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান, বোমা বিস্ফোরণে আহত হয়ে সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাম পায়ে বেশি ক্ষত রয়েছে। তার পায়ে গভীর ছেঁড়া জখম হয়েছে। অন্যদিকে রুহুলের ডান পায়েও আঘাত রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026