শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সম্পর্ক ছিন্ন করল আইরিশ বিশ্ববিদ্যালয়

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭.০০ পিএম
  • ১৬ Time View
34

প্রায় দুই বছরের আন্দোলন ও প্রতিবাদের পর ইসরায়েলের টেকনিয়ন ইনস্টিটিউট অব টেকনোলজির সঙ্গে যৌথভাবে পরিচালিত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘অ্যাস্টারিস্ক’ গবেষণা প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব গলওয়ে। একই সঙ্গে ভবিষ্যতে ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নতুন কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা চুক্তি না করার সিদ্ধান্তও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডেভিড বার্ন কর্মীদের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশন ও প্রকল্পের অন্য অংশীদারদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

ইসরায়েলের হাইফাভিত্তিক টেকনিয়ন ইনস্টিটিউটের সঙ্গে ইউনিভার্সিটি অব গলওয়ের গবেষণা অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, টেকনিয়নের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক প্রযুক্তি খাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির সঙ্গে গবেষণা সহযোগিতা চালিয়ে যাওয়াকে তাঁরা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রশ্নে আপত্তিকর বলে মনে করছিলেন।

এই প্রতিবাদ থেকে গড়ে ওঠে ‘ক্যাম্পাস অ্যান্টি-জেনোসাইড কোয়ালিশন’। সংগঠনটির সদস্যরা প্রায় দুই বছর ধরে নিয়মিত অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও বিভিন্ন প্রচারাভিযান চালান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টেকনিয়নের সম্পর্কের প্রতিবাদে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সম্মানসূচক ডিগ্রি গ্রহণে অস্বীকৃতি জানান এবং কেউ কেউ আগে পাওয়া সম্মাননাও ফিরিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের দপ্তরে অবস্থান কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

অ্যাস্টারিস্ক প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের হরাইজন ইউরোপ গবেষণা কর্মসূচির আওতায় অর্থায়ন পায়। এর মূল লক্ষ্য সমুদ্রের পানি থেকে সরাসরি সবুজ হাইড্রোজেন উৎপাদনের প্রযুক্তি নিয়ে গবেষণা করা। প্রকল্পটির সমন্বয়কারী প্রতিষ্ঠান ছিল ইউনিভার্সিটি অব গলওয়ে। এতে টেকনিয়নসহ ইউরোপের আরও কয়েকটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডেভিড বার্ন বলেন, সিদ্ধান্তটি নেওয়ার আগে ইউরোপীয় কর্মকর্তাদের, বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের এবং অন্যান্য ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তাঁর মতে, মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। তিনি গাজায় সংঘটিত গণহত্যার নিন্দা পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নতুন কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা চুক্তি অনুমোদনের জন্য জমা দেওয়া হবে না কিংবা সম্পাদন করা হবে না। সম্ভাব্য কয়েকটি অংশীদারত্ব ইতিমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়টি স্পষ্ট করেছে, ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড এবং দেশটির সাধারণ জনগণকে তারা আলাদাভাবে বিবেচনা করে। ক্যাম্পাসে সব সম্প্রদায়ের মানুষের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ বজায় রাখার অঙ্গীকারও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্যাম্পাস অ্যান্টি-জেনোসাইড কোয়ালিশন। সংগঠনটির মুখপাত্র দেইদ্রে কারান একে দীর্ঘদিনের আন্দোলনকারীদের জন্য বড় স্বস্তি হিসেবে উল্লেখ করেছেন। তবে তাঁর মতে, শুধু একটি গবেষণা প্রকল্প থেকে সরে দাঁড়ানো যথেষ্ট নয়। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও শিক্ষার্থী প্রতিনিধিরাও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের প্রতিবাদ ও সম্মিলিত চাপের ফলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য গবেষণা প্রকল্পে অংশীদারত্বের বিষয়টিও নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026