বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার : প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মোংলায় ৩ নম্বর সংকেত, উপকূলে বৃষ্টি; সতর্ক প্রশাসন প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের লক্ষ্য, বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী দুর্যোগের আগাম বার্তা জানতে কল করবেন যে নম্বরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? জেনে নিন সময়সূচি নিকো পাজের প্রতিভায় মুগ্ধ রিয়াল মাদ্রিদ, ফিরতে পারেন পুরোনো ঠিকানায় বিদেশে ব্যাংকের ওটিপি পেতে কোন বাংলাদেশি সিম ভালো? ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে নতুন মোড়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের লক্ষ্য, বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩.০৭ পিএম
  • ১৩ Time View
24

প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থাটির অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীরা যেন প্রত্যাশিত শিখনফল অর্জন করতে পারে, সেটিই সরকারের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর কার্যক্রম আরও সুনির্দিষ্ট, যৌক্তিক ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রকল্পের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো এবং জবাবদিহিতা স্পষ্ট থাকা প্রয়োজন। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হলে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করা জরুরি।

এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে শিক্ষার্থীদের শিখনঘাটতি চিহ্নিত করা, পাঠদানের পদ্ধতি উন্নত করা এবং শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি, শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী উদ্যোগগুলো বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী সংস্থাটি। এ ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করা যেতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিনিধিদলে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনে সরকারের চলমান উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026