বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, কী থাকছে পরিকল্পনায়

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬.৫১ পিএম
  • ২১ Time View
41

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রস্তাব হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসব কথা জানান।

আহসান ইকবাল বলেন, তিনি ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনার কথা শুনেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।

নতুন প্রদেশ গঠনের বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন বলেও জানান তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন আহসান ইকবাল। তিনি বলেন, রাজধানীর জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাঁকে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত মডেলে ইসলামাবাদের জন্য একটি আইনপ্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বশাসনব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এতে একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এই পরিষদে সাধারণ আসন ২১টি, নারীদের জন্য সংরক্ষিত তিনটি এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার প্রস্তাব রয়েছে। পরবর্তী সময়ে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত স্থানীয় সরকারব্যবস্থাও চালু হতে পারে।

আহসান ইকবাল আরও জানান, ইসলামাবাদের সীমানা বাড়িয়ে রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। এতে রাজধানীকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এটি ১৪টি প্রদেশ গঠনের আলোচনার বাইরে আলাদা একটি বিষয়।

নতুন প্রদেশ গঠনের বিষয়টি ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নিষ্পত্তি করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। পাকিস্তানের সিনেটে বর্তমানে চারটি প্রদেশের সমান প্রতিনিধিত্ব রয়েছে। নতুন প্রদেশ গঠনের পর প্রতিনিধিত্বের কাঠামো কী হবে, তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

আহসান ইকবাল বলেন, সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে সেগুলোর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে ক্ষেত্রে নতুন প্রদেশগুলো পরবর্তী ছয় বছর সিনেটে আনুপাতিক প্রতিনিধিত্ব না পাওয়ার অভিযোগ তুলতে পারে।

এদিকে পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা রাজনৈতিকভাবে সংবেদনশীল। বিশেষ করে সিন্ধু প্রদেশের বিভাজনের বিরোধিতা করে আসছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ক্ষেত্রে সংবিধান মেনে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে দেশটির রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রদেশ গঠনের বিষয়ে রাজনৈতিক আলোচনা জোরালো হলেও এখন পর্যন্ত কোনো খসড়া সাংবিধানিক সংশোধনী, চূড়ান্ত প্রদেশের সংখ্যা কিংবা বাস্তবায়নের সময়সূচি প্রকাশ করা হয়নি। ফলে ১৪ প্রদেশের পরিকল্পনাটি আপাতত আলোচনার পর্যায়েই রয়েছে।

সূত্র: দ্য নিউজ, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026