বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০.৩১ পিএম
  • ১৭ Time View
32

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে নতুন এক জীবনের সন্ধান পেয়েছেন চীনের এক দম্পতি। বিভিন্ন দেশে মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে ইসলাম সম্পর্কে আগ্রহী হন তাঁরা। পরে তুরস্কের আনতালিয়া শহরে একটি তুর্কি পরিবারের সঙ্গে পরিচয় এবং পবিত্র কোরআন পড়ার মধ্য দিয়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন আট বছর ধরে বিবাহিত এই দম্পতি। ইসলাম গ্রহণের পর নতুন নাম নেওয়ার পাশাপাশি ইসলামী রীতিতে আবারও বিয়ে করেছেন তাঁরা।

মুয়ুয়ান সং ও লুওশি শু নামের ওই দম্পতি চীনের রাজধানী বেইজিংয়ে বসবাস করতেন। প্রায় দুই বছর আগে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন তাঁরা। তাঁদের ভ্রমণের প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। সেখানে মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও সুন্দর আচরণ তাঁদের মনে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে।

ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসর কাটানোর সময় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আকগুচের সঙ্গে তাঁদের পরিচয় হয়। ভাষাগত পার্থক্য থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে তাঁদের মধ্যে কথোপকথন শুরু হয়। পরে তুর্কি দম্পতি চীনা অতিথিদের নিজেদের বাড়িতে ঐতিহ্যবাহী নাশতার আমন্ত্রণ জানান।

সেখানে আড্ডার একপর্যায়ে ইসলাম সম্পর্কে চীনা দম্পতির আগ্রহ ও বিভিন্ন প্রশ্নের বিষয়টি বুঝতে পারেন আয়সেল। এরপর তাঁদের একটি পবিত্র কোরআনের কপি উপহার দেন তিনি। আয়সেল জানান, ইসলাম গ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্যে নয়, বরং তাঁদের ধর্মীয় গ্রন্থটি সম্পর্কে জানার সুযোগ করে দিতেই তিনি কোরআন উপহার দিয়েছিলেন।

তুরস্ক থেকে চলে যাওয়ার পরও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত ছিল। চীনে ফিরে সং ও শু ইসলাম সম্পর্কে আরও পড়াশোনা করেন। একপর্যায়ে তাঁরা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে যে শহরে তুর্কি পরিবারের সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল, সেই আনতালিয়াতেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন তাঁরা। এ কারণে আবারও সেখানে ফিরে যান।

পরে আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা ইসলাম গ্রহণ করেন। এ সময় মোইয়ান সংয়ের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং লুওশি শুর নাম হয় লায়লা বাতুল। মসজিদের ধর্মীয় দায়িত্বে থাকা মুহাম্মদ কুশুক তাঁদের আট বছর আগের বিয়েটিও ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন।

ইসলাম গ্রহণের পর মানসিক প্রশান্তি অনুভব করছেন বলে জানিয়েছেন মুহাম্মদ মুরাদ। তাঁর ভাষ্য, বিভিন্ন দেশে মুসলমানদের কাছ থেকে পাওয়া আন্তরিকতা ও ভালো আচরণ তাঁদের ইসলাম সম্পর্কে জানতে উৎসাহিত করেছে। ইসলাম গ্রহণের সিদ্ধান্তে কেউ তাঁদের চাপ প্রয়োগ করেননি বলেও জানিয়েছেন তিনি।

তুর্কি পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্কও এখন পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে। পরিচয়ের পর থেকে দুই পরিবারের সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। তুর্কি দম্পতি চীনা দম্পতিকে নিজেদের সন্তানের মতো মনে করেন। অন্যদিকে, ইসলাম সম্পর্কে আরও জানার জন্য মুহাম্মদ মুরাদ ও লায়লা বাতুল চীনা ভাষায় অনূদিত কোরআন ও ইসলামী বই পড়ছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026