বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বিবিসি-সিএনএনসহ ১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ম্যালওয়্যার

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭.১০ পিএম
  • ১৪ Time View
44

বিবিসি, সিএনএন, জুম, এইচএসবিসি ও আইকিয়ার মতো বিশ্বের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে পড়েছে। তৃতীয় পক্ষের ওয়েব প্ল্যাটফর্ম অপ্টিমাইজলির (Optimizely) মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ম্যালওয়্যার সরবরাহ করা হয়। এর ফলে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা ব্যবহারকারীদের ব্যাংক কার্ডের তথ্য, ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট চুরির ঝুঁকি তৈরি হয়।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) এ ঘটনা শনাক্ত করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআই। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, অপ্টিমাইজলি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট ছড়িয়ে পড়ে।

রিপোর্ট ইউআরআইয়ের গবেষক স্কট হেলমের তথ্য অনুযায়ী, অপ্টিমাইজলির ১ হাজার ৬১১টি জাভাস্ক্রিপ্ট ফাইল পরীক্ষা করে ১৮৮টিতে ক্ষতিকর কোড পাওয়া যায়। এসব ফাইল ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে সংশ্লিষ্ট। আক্রান্ত প্রতিষ্ঠানের তালিকায় বিবিসি, সিএনএন, জুম, সেলসফোর্স, গিটল্যাব, ইকুইফ্যাক্স, এইচএসবিসি, এয়ার ফ্রান্স-কেএলএম, লেজার, পিকক ও আইকিয়ার নাম রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিকর কোডটি ব্যবহারকারীদের ব্যাংক কার্ডের তথ্য সংগ্রহ, ব্রাউজারের কুকি চুরি এবং ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ব্যবহারকারীর কপি করা বা ওয়েবপেজে থাকা ডিজিটাল ওয়ালেটের ঠিকানা বদলে হামলাকারীদের নিয়ন্ত্রণাধীন ঠিকানা বসিয়ে দেওয়ার সক্ষমতাও ছিল এতে।

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘করুনা’ ও ‘ডার্কসোর্ড’ নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিটও যুক্ত করা হয়েছিল ক্ষতিকর কোডে। এসব টুলের মাধ্যমে নির্দিষ্ট দুর্বলতাযুক্ত অ্যাপল ডিভাইসকে লক্ষ্য করে আরও আক্রমণ চালানোর সুযোগ তৈরি হয়। ইতিমধ্যে হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে অর্থ জমা পড়ার প্রমাণ পেয়েছে রিপোর্ট ইউআরআই।

প্রতিবেদনটি প্রকাশের পর অপ্টিমাইজলি জানায়, তাদের এক্সপেরিমেন্টেশন অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ার একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অননুমোদিত ব্যক্তি গ্রাহকদের কিছু প্রকল্পে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট যুক্ত করেছিল। প্রতিষ্ঠানটি দুর্বল পথ বন্ধ, নিরাপত্তা ত্রুটি সংশোধন, আক্রান্ত প্রকল্প থেকে কোড সরানো এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে।

রিপোর্ট ইউআরআইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক সময় রাত ৮টা ৫৬ মিনিটে আক্রান্ত ১৮৮টি স্ক্রিপ্টের মধ্যে ১৬৯টিতে ক্ষতিকর কোড পাওয়া যায়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টা ৫২ মিনিটে মাত্র একটি স্ক্রিপ্টে কোডটি শনাক্ত হয়। অর্থাৎ শনাক্ত হওয়ার পর দ্রুত অধিকাংশ আক্রান্ত স্ক্রিপ্ট থেকে ক্ষতিকর কোড সরিয়ে ফেলা হয়।

তবে কতজন ব্যবহারকারীর তথ্য সফলভাবে চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওয়েবসাইটগুলোতে ক্ষতিকর কোড পৌঁছালেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সার্ভার সরাসরি হ্যাক হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং তৃতীয় পক্ষের সেবার নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের দর্শনার্থীদের ঝুঁকিতে ফেলা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026