বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রতারণামূলক কনটেন্ট সরাতে ব্যর্থ প্ল্যাটফর্মগুলো

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬.৪১ পিএম
  • ২১ Time View
40

ব্যবহারকারীদের অভিযোগের পরও প্রতারণামূলক ও ক্ষতিকর কনটেন্ট সরাতে ব্যর্থ হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মতো বড় সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরোপের স্বাধীন পর্যালোচনা সংস্থা ‘আপিলস সেন্টার ইউরোপ’-এর এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সংস্থাটির পর্যালোচনা করা সিদ্ধান্তের প্রায় ৭৪ শতাংশই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আরটিইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির প্রকাশিত সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে পাওয়া অভিযোগ ও সেগুলোর পর্যালোচনার তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ১২ মাসে সংস্থাটি ৪৩ হাজার অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৬০০টির বেশি অভিযোগ প্রাথমিকভাবে পর্যালোচনার যোগ্য বলে বিবেচিত হয়। তবে যেসব ঘটনায় সংশ্লিষ্ট কনটেন্ট পর্যালোচনা করা সম্ভব হয়েছে, সেসব ক্ষেত্রে প্রায় ৫ হাজার সিদ্ধান্তের মধ্যে ৭৪ শতাংশ সময় প্ল্যাটফর্মগুলোর সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি সংস্থাটি।

প্ল্যাটফর্মভিত্তিক হিসাবে ইউটিউবের সিদ্ধান্তের ৯৩ শতাংশ, টিকটকের ৭৭ শতাংশ, ইনস্টাগ্রামের ৭৫ শতাংশ এবং ফেসবুকের ৬৭ শতাংশ পরিবর্তনের সুপারিশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে প্রতারণামূলক কনটেন্ট নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের অভিযোগই সংস্থাটির কাছে সবচেয়ে বেশি পর্যালোচনাযোগ্য অভিযোগ হিসেবে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ও ছবি প্রতারণার বিষয়টি আরও জটিল করে তুলছে।

অভিযোগের উদাহরণ হিসেবে এআই দিয়ে তৈরি প্রেমের প্রলোভন দেখানো ভিডিও, ভুয়া বিনিয়োগের প্রতিশ্রুতি এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণার কথা উল্লেখ করা হয়েছে। একটি ফেসবুক ভিডিওতে মলদোভার অর্থনীতি বিশেষজ্ঞের এআই-নির্মিত ভুয়া অবয়ব ব্যবহার করে বিনিয়োগে ২ হাজার শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইউটিউবের একটি ভিডিওতে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত কোড কপি করতে বলা হয়, যা ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ প্রতারকের হাতে তুলে দিতে পারত।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এআই-নির্মিত বিভ্রান্তিকর ভিডিও এবং ২০২৪ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যা নিয়ে জলবায়ু প্রকৌশলের মাধ্যমে বন্যা ঘটানোর দাবি করা ভিডিওর বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেছে।

আপিলস সেন্টার ইউরোপের প্রধান নির্বাহী থমাস হিউজ বলেন, প্রতারণার কারণে মানুষের সঞ্চয় হারানো থেকে শুরু করে মানসিক ক্ষতির মতো ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রতারকদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। ব্যবহারকারীদের অভিযোগ জানানোর এবং প্ল্যাটফর্মের সিদ্ধান্তের নিরপেক্ষ পর্যালোচনা পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন।

ডাবলিনভিত্তিক আপিলস সেন্টার ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের ২১ নম্বর অনুচ্ছেদের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণসংক্রান্ত বিরোধ পর্যালোচনা করে। সংস্থাটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ কয়েকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবহারকারীদের অভিযোগ পরীক্ষা করে।

তবে সংস্থাটির সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক নয়। প্ল্যাটফর্মগুলোকে এসব পর্যালোচনায় সৎ উদ্দেশ্যে সহযোগিতা করতে হয়। ফলে সংস্থাটি কোনো কনটেন্ট সরানোর সুপারিশ করলেও তা বাস্তবায়ন নিশ্চিত করার সরাসরি ক্ষমতা তাদের নেই।

সূত্র: আরটিই,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026