বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

তিন বাহিনীর নতুন বেতন স্কেল প্রকাশ, কার কত বাড়ল?

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩.৪৮ পিএম
  • ২৩ Time View
46

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। নতুন কাঠামোতে তিন বাহিনীর প্রধানদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে সৈনিক, নাবিক ও বিমানবাহিনীর রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলিতে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, নাবিক, বিমানসেনা ও অন্যান্য পদমর্যাদার সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধার বিষয় উল্লেখ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে এ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

কমিশন্ড অফিসারদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং মেজরের ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া লেফটেন্যান্ট কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জেসিও ও অন্যান্য পদেও বেতন নির্ধারণ করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।

অন্যান্য পদের মধ্যে সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। সৈনিকদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।

নৌবাহিনীতে মাস্টার চিফ পেটি অফিসারের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। নাবিকদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। বিমানবাহিনীতে সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এ ছাড়া এসি-১ পদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুট বা এসি-২ পদের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যদের জন্যও পৃথক বেতন কাঠামো রাখা হয়েছে। এতে কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা, মেজরের ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা এবং ক্যাপ্টেনের ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্টের বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা। এএফএনএস ক্যাডেটের মূল বেতন ২২ হাজার ৪০০ টাকা।

নতুন বেতন একসঙ্গে পুরোপুরি কার্যকর হবে না; তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পদ পর্যন্ত নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে রিক্রুট পর্যন্ত ৫০ শতাংশ কার্যকর হবে।

দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম শ্রেণির পদে নতুন মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য পদে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সদস্য শতভাগ নতুন মূল বেতন পাবেন। তবে বেতন-ভাতার অন্যান্য সুযোগ-সুবিধা ২০২৮ সালের জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হবে।

নতুন কাঠামোতে বিভিন্ন ভাতাও নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা, কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা রাখা হয়েছে। ঝুঁকি ভাতা হিসেবে দৈনিক ১২১ টাকা দেওয়া হবে।

পাহাড়ি ও হাওর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা। এ ছাড়া মেজর ও তদূর্ধ্ব পদের কর্মকর্তাদের জন্য মাসিক ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদগুলোর জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা চালু করা হয়েছে।

প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্যও বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই সন্তানের প্রত্যেকের জন্য মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026