
বিশেষ প্রতিনিধি: কাজী মোঃ ওহিদুল ইসলাম
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সেবাগ্রহীতাদের আর্থিক লেনদেন সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মুকসুদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর ফলে উপজেলা প্রশাসনিক স্কুলের বেতন, ভর্তি ফি, বিভিন্ন চার্জসহ যাবতীয় আর্থিক লেনদেন অনলাইন, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে ঘরে বসেই সহজে ও দ্রুত নির্ধারিত ফি পরিশোধের সুযোগ তৈরি হবে।
সমঝোতা স্মারকে জনতা ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ আবু জাহিদ এবং মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মো. এমামুল হাসান।
অন্যদিকে, উপজেলা প্রশাসনিক স্কুলের পক্ষে স্বাক্ষর করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি মাহমুদ আশিক কবির এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুল আরিফিন, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, উপজেলা প্রশাসনিক স্কুলের শিক্ষকবৃন্দ এবং জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে ডিজিটাল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সময় সাশ্রয় হবে এবং বিদ্যালয়ের বেতন ও ফি আদায় কার্যক্রমে আরও গতি ও স্বচ্ছতা আসবে।