মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

গুলি-ক্ষেপণাস্ত্র ছাড়াই ৫১ ড্রোন নিষ্ক্রিয় করল তুরস্ক

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭.০৪ এএম
  • ৩ Time View
8

একসঙ্গে আকাশে উড়ল ৫১টি ড্রোন। সেগুলো থামাতে ছোড়া হলো না কোনো গুলি কিংবা ক্ষেপণাস্ত্র। বরং শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে সব ড্রোন নিষ্ক্রিয় করার সক্ষমতা প্রদর্শন করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN)। প্রতিষ্ঠানটির তৈরি ‘এজদেরহা’ (EJDERHA) নামের উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টি-ড্রোন প্রযুক্তির পরীক্ষায় এ সাফল্যের দাবি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে আসেলসানের গোলবেক ফায়ারিং অ্যান্ড টেস্ট সেন্টারে এ পরীক্ষা চালানো হয়। প্রতিষ্ঠানটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একসঙ্গে ৫১টি ড্রোন উড়িয়ে প্রযুক্তিটির সক্ষমতা প্রদর্শন করা হয়। আসেলসানের দাবি, এজদেরহা সক্রিয় করার কয়েক সেকেন্ডের মধ্যেই সব ড্রোন নিষ্ক্রিয় হয়ে যায়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে প্রায় এক হাজার মিটার দূরত্বে থাকা দুটি তারের মাধ্যমে নিয়ন্ত্রিত ড্রোনের বিরুদ্ধে এজদেরহা ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, দুটি ড্রোনই সফলভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

দ্বিতীয় ধাপে একসঙ্গে ৫১টি ড্রোন আকাশে ওড়ানো হয়। এরপর এজদেরহা ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলোকে নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ড্রোনগুলো ঠিক কীভাবে নিষ্ক্রিয় হয়েছে, সেগুলো আকাশ থেকে সরাসরি মাটিতে পড়েছে কি না এবং পরীক্ষার দ্বিতীয় ধাপে কত দূরত্ব থেকে প্রযুক্তিটি কাজ করেছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এজদেরহা মূলত উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা হাই-পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক (HPEM) প্রযুক্তিনির্ভর একটি অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা। প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় লক্ষ্যবস্তু ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র কিংবা গোলাবারুদ ব্যবহার করা হয়। কিন্তু এজদেরহা কাজ করে ভিন্ন পদ্ধতিতে। এটি শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পাঠিয়ে ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থায় প্রভাব ফেলে।

আসেলসানের প্রযুক্তিগত বিবরণ অনুযায়ী, এই তরঙ্গ ড্রোনের নেভিগেশন, যোগাযোগ এবং নিয়ন্ত্রণব্যবস্থা বিঘ্নিত করতে পারে। পরিস্থিতি ও লক্ষ্যবস্তুর ধরন অনুযায়ী ড্রোনের ইলেকট্রনিক সার্কিট সাময়িকভাবে অকার্যকর, পুনরায় চালু হতে বাধ্য কিংবা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে অথবা উড্ডয়ন চালিয়ে যেতে ব্যর্থ হতে পারে।

এ প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, একসঙ্গে একাধিক ড্রোনের বিরুদ্ধে কাজ করার সক্ষমতা। বিশেষ করে ঝাঁকবদ্ধ ড্রোন হামলার ক্ষেত্রে প্রতিটি ড্রোনকে আলাদাভাবে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রয়োজন কমাতে পারে এ ধরনের ব্যবস্থা।

তারের মাধ্যমে নিয়ন্ত্রিত ড্রোনের বিরুদ্ধেও এজদেরহার কার্যকারিতা প্রদর্শনের দাবি করেছে আসেলসান। সাধারণত তার বা ফাইবার-অপটিক সংযোগের মাধ্যমে পরিচালিত ড্রোনের নিয়ন্ত্রণ ও ভিডিও সংকেত রেডিও তরঙ্গের ওপর নির্ভর করে না। ফলে প্রচলিত রেডিও জ্যামিং প্রযুক্তি দিয়ে এসব ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করা কঠিন। কিন্তু এজদেরহা সরাসরি ড্রোনের ইলেকট্রনিক যন্ত্রাংশে প্রভাব ফেলতে পারে বলে এ ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও কাজ করার সম্ভাবনা রয়েছে।

আসেলসানের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেত আকইয়োল পরীক্ষাটিকে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কোনো ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ ব্যবহার না করে একটি বোতাম চাপার মাধ্যমে একসঙ্গে ৫১টি ড্রোন নিষ্ক্রিয় করেছে এজদেরহা। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের সক্ষমতা প্রদর্শনকারী বিশ্বের প্রথম ব্যবস্থা এটি।

আকইয়োল আরও জানিয়েছেন, প্রযুক্তিটি শুধু পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এরই মধ্যে মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে এবং ধারাবাহিক উৎপাদনও শুরু হয়েছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

তুরস্কের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ বা ‘চেলিক কুব্বে’র অংশ হিসেবে এজদেরহা তৈরি করা হয়েছে। ছোট ও অতিক্ষুদ্র ড্রোন, এফপিভি ড্রোন এবং ঝাঁকবদ্ধ ড্রোন হামলার হুমকি মোকাবিলায় এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এই ব্যবস্থায় রাডারের সাহায্যে আকাশে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়। এরপর ইলেকট্রো-অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ড্রোনের গতিবিধি অনুসরণ করে নির্দিষ্ট দিকে তড়িৎচুম্বকীয় শক্তি পাঠানো হয়। আসেলসানের প্রকাশিত প্রযুক্তিগত বিবরণে নির্দিষ্ট দিকে সংকীর্ণ রশ্মি পাঠানো এবং তুলনামূলক বিস্তৃত এলাকায় স্ক্যান করার সক্ষমতার কথা বলা হয়েছে।

আধুনিক যুদ্ধক্ষেত্রে ছোট ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্ত এবং সরাসরি হামলার কাজে এসব ড্রোন ব্যবহৃত হচ্ছে। একই সময়ে একসঙ্গে অনেক ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে ফেলার কৌশলও গুরুত্ব পাচ্ছে।

এ ধরনের হামলা ঠেকাতে প্রচলিত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার ব্যয়বহুল হতে পারে। অনেক ক্ষেত্রে একটি ছোট ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত প্রতিরক্ষা অস্ত্রের দাম ড্রোনটির চেয়েও বেশি হয়। এজদেরহার মতো প্রযুক্তি একসঙ্গে একাধিক ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা অকার্যকর করতে পারলে প্রতিরক্ষার খরচ ও সময় কমানোর সম্ভাবনা রয়েছে।

তবে পরীক্ষায় সাফল্যের দাবি করলেই বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিটির কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত হয় না। ৫১টি ড্রোনের পরীক্ষায় সেগুলোর ধরন, উচ্চতা, দূরত্ব এবং পরিবেশগত পরিস্থিতির বিস্তারিত প্রকাশ করেনি আসেলসান। ভিন্ন ধরনের ড্রোন, প্রতিকূল আবহাওয়া এবং জটিল যুদ্ধপরিস্থিতিতে এ প্রযুক্তি কতটা কার্যকর হবে, তা আরও পরীক্ষা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে বোঝা যাবে।

তবু তুরস্কের এই প্রদর্শনী আধুনিক আকাশ প্রতিরক্ষায় নতুন এক প্রযুক্তির সম্ভাবনা সামনে এনেছে। ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ও প্রচলিত অস্ত্রের পাশাপাশি শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গনির্ভর ব্যবস্থাও ড্রোন প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026