মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে জানানো ছাড়া কাজ হয় না, বললেন মনিরুল হক

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭.০১ এএম
  • ১১ Time View
19

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুমিল্লা ইপিজেডের বর্জ্যদূষণ ও স্থানীয় মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ছাড়া এই দেশে কারও কাছে কথা বলে কোনো লাভ হয় না। এটা আপনার দুর্ভাগ্য।’

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি কুমিল্লা ইপিজেডের বর্জ্যে পরিবেশদূষণ, গোমতী ও ডাকাতিয়া নদীর দূষণ এবং স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ ও প্রতিবেদন জমা দিয়েও কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন না করে স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষণের কারণে স্থানীয় মানুষ কৃষিকাজ করতে পারছেন না। কমে যাচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সংখ্যাও।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘পানিতে নামলে পা পচে যায়, কৃষিকাজ করতে পারে না। আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।’

ইপিজেডের বর্জ্যদূষণ নিয়ে বিভিন্ন দপ্তরে ১৩টি প্রতিবেদন দেওয়া হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছেও গিয়েছিলেন তিনি। তবে এত উদ্যোগের পরও সমস্যার সমাধান হয়নি।

মনিরুল হক চৌধুরীর অভিযোগ, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে স্থানীয় খাল ও নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে। এর প্রভাব কুমিল্লার পাশাপাশি নোয়াখালীর বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, দূষণের কারণে প্রায় পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং এক লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ইপিজেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কথা বলা হচ্ছে। অথচ এ বিষয়ে হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় রয়েছে। চার বছর আগে ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আপনার কাছে এটাই চাই। আমরা ১৩টা রিপোর্ট করেছি।’ দূষণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই খালের পাড়ে কেউ আধা ঘণ্টা অবস্থান করতে পারলে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করবেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘সব ব্যাপারে আপনাকে বলা ছাড়া আর কোনো সমাধানে এই জাতি পায় না। এটা আপনার দুর্ভাগ্য।’

কুমিল্লা ও নোয়াখালীর নদী অঞ্চলের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এই সংসদ সদস্য। পাশাপাশি ইপিজেডের বর্জ্য নিষ্কাশন বন্ধ করে দূষণ রোধে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রতিবেদন তাঁর কাছে রয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী চাইলে সেগুলো উপস্থাপন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026