মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের উদ্যোগ সরকারের

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭.০২ এএম
  • ১৬ Time View
26

দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

নার্স সংকট নিরসনেও নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আরও এক হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

মিডওয়াইফ পদে ৫৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। এ ছাড়া আরও এক হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এ-সংক্রান্ত প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু করা হবে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে। এতে চিকিৎসকেরা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারবেন। চিকিৎসকদের সেবা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026