মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পাঠানোর অভিযোগ

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭.১১ পিএম
  • ১৮ Time View
29

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক ও বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মুসলিমদের বিরুদ্ধে। এমন পরিস্থিতির শিকার হয়েছেন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়ে আর পরিবারের কাছে ফিরতে পারেননি তিনি। তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন সাহিদা।

সাহিদার অভিযোগ, সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য তাঁকে আটক করে গাড়িতে তুলে নেন। এ সময় তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ফোনে ভারতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির কপি সংরক্ষিত ছিল বলে দাবি করেন তিনি। পরে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী, তাঁকে আটক করা কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন।

সাতক্ষীরায় বসে বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা বলেন, পেছন থেকে কেউ একজন তাঁর হাত চেপে ধরে গাড়িতে উঠতে নির্দেশ দিয়েছিলেন। তাঁর ভাষ্য, রাত ১টার দিকে কাঁটাতারবিহীন একটি সীমান্ত এলাকা দিয়ে তাঁকে বাংলাদেশে পাঠানো হয়। পরে কয়েক ঘণ্টা হেঁটে এক কৃষকের বাড়িতে আশ্রয় পান তিনি।

রয়টার্স এমন ১০টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, যাদের স্বজনদের ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের মুখে পড়তে হয়েছে। এসব পরিবারের সদস্যদের কাছে ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথি রয়েছে। তাঁদের বাবা-মা ও ভাইবোনদের অনেকের নাম এখনো ভোটার তালিকায় বহাল রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। এ প্রক্রিয়ায় মুসলিমরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন তথ্য-উপাত্তে উঠে এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটির মুসলিম সংখ্যালঘুরা নানা ধরনের বৈষম্যের মুখে পড়ছেন। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যটিতে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, নিবিড় যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ প্রায় ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি।

সবার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদের মতে, নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনঅসন্তোষের বিষয়টি থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনাও ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভোটার তালিকা ও বিতাড়ন

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কথিত অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টি একসঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, বিজেপির লক্ষ্য অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং পরে তাঁদের দেশ থেকে বের করে দেওয়া।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিপুলসংখ্যক মানুষ সীমান্ত পেরিয়ে দুই দেশে আশ্রয় নিয়েছিলেন। ফলে সীমান্তের দুই পাশে একই পরিবারের সদস্যদের বসবাস এবং নাগরিকত্বের নথিপত্র নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলেও রয়টার্স কোনো জবাব পায়নি।

আদালতে আইনি লড়াই

সাহিদাকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, তাঁকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদাকেও পাঠানো হয়। বাংলাদেশের বিজিবি, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

সাহিদার স্বামী জুম্মান স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আদালতে আইনি লড়াই করছেন। আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনে তাঁর পরিবার যুক্তি দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কাউকে বিদেশি প্রমাণ করে না। প্রশাসনের যাচাইহীন দাবির ভিত্তিতে কাউকে দেশ থেকে সরিয়ে দেওয়াও গ্রহণযোগ্য নয়।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিতে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার ছিলেন। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল। সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন বলে তাঁর ভোটার পরিচয়পত্রে দেখা গেছে।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য নথি দিতে পারেননি। সাহিদা এ দাবি অস্বীকার করে বলেছেন, তাঁর ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা পরিচয়পত্রের নথি দেখানোর সুযোগ পাননি।

‘তুমি একজন বাংলাদেশি’

কলকাতা হাইকোর্টে করা আরেকটি আবেদনে বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখসহ পাঁচজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে তাঁদের আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিনের ভাষ্য, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। তাঁদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় থাকায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় নাসিরুদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটকে রাখা হয়। তাঁর অভিযোগ, এক পুলিশ কর্মকর্তা তাঁকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।’

নাসিরুদ্দিন জানান, আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। আটকের পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়। তাঁর ভাষায়, সেটি ছিল কার্যত কারাগারের মতো; বাইরে যাওয়ার সুযোগ ছিল না।

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী আটককেন্দ্র রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রটির আশপাশে নিরাপত্তা জোরদার থাকার পাশাপাশি সেখানে মানুষজনকে আটকে রাখার দৃশ্যও দেখেছেন সংবাদমাধ্যমটির প্রতিবেদকেরা।

মানবাধিকারকর্মী কিরীটী রায় বলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমে আছে। এসব মামলার নিষ্পত্তিতে ট্রাইব্যুনালগুলোর ধীরগতির কারণে বহু মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026