
আজকের জাগরণ প্রতিবেদন:
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক জি. এম. সরফরাজকে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনার মধ্যে জেলার প্রশাসনের শীর্ষ পদে এ পরিবর্তন আনা হলো।
এদিকে একই দিনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও ফেনী জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।