শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে যুবকের মৃত্যু OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি! খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা চালুর আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ টেলিটকের ১৪ ও ৬১ টাকার প্যাকেজেও মিলছে বাড়তি সুবিধা প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

সৌদিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা, মানতে হবে ৩ নির্দেশনা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯.১৫ পিএম
  • ১৯ Time View
38

সৌদি আরবে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাজ্যের কূটনৈতিক মিশন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে নাগরিকদের তিনটি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপদ আশ্রয়ে অবস্থান, সংঘাতের ছবি বা ভিডিও ধারণ ও শেয়ার করা থেকে বিরত থাকা এবং ভিসার মেয়াদ মেনে চলা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক পরামর্শে রিয়াদে ব্রিটিশ দূতাবাস ও জেদ্দায় ব্রিটিশ কনস্যুলেট জেনারেল এসব নির্দেশনা দেয়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর আকাশ থেকে পড়ে আসা ধ্বংসাবশেষও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

নিরাপত্তার স্বার্থে আশ্রয় নেওয়ার নির্দেশ পেলে দ্রুত ঘরের ভেতরে যেতে বলা হয়েছে। ভবনের ভেতরের সিঁড়িঘর কিংবা এমন কক্ষে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে বাইরের দেয়াল ও জানালা কম। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বাড়ার মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। চলতি সপ্তাহে রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মক্কা অঞ্চলের একটি গ্রামে প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সৌদি আরবে অতি প্রয়োজনীয় না হলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ইয়েমেন সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

এফসিডিওর সতর্কতায় বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ও প্রতিরক্ষা স্থাপনা, সামরিক ঘাঁটি, বন্দর এবং জ্বালানি অবকাঠামো হামলার ঝুঁকিতে রয়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়তে পারে। আরও বিমানবন্দরে হামলার আশঙ্কা থাকায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ও বাতিলের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সৌদি আরব ছাড়তে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের সরাসরি দেশটির বিমানবন্দর থেকে ফ্লাইট নেওয়ার পরিবর্তে স্থলপথে প্রতিবেশী দেশে গিয়ে সেখান থেকে উড়োজাহাজে যাওয়ার বিকল্প বিবেচনা করতে বলা হয়েছে।

দ্বিতীয় নির্দেশনায় সংঘাতসংক্রান্ত কোনো ঘটনা, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য কিংবা হামলার স্থান ছবি বা ভিডিওতে ধারণ ও সামাজিক মাধ্যমে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, এ ধরনের ছবি বা ভিডিও ধারণ কিংবা ছড়িয়ে দিলে সৌদি আইনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

তৃতীয় নির্দেশনায় ভিসার মেয়াদ অতিক্রম না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। মেয়াদ পেরিয়ে গেলে বড় অঙ্কের জরিমানা, আটক ও বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে। ভিসার বর্তমান অবস্থা যাচাই করতে সৌদি সরকারের ‘কেএসএ ভিসা’ প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত তথ্য পেতে এফসিডিওর ট্রাভেল অ্যাডভাইস অ্যালার্টে নিবন্ধন করতেও বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026