মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সকালে ঘুম থেকে উঠে যে ৫ অভ্যাস বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮.৫৮ এএম
  • ১২ Time View
19

সুস্থ থাকতে দিনের শুরুটা গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পর কী খাচ্ছেন, চা-কফিতে কী মেশাচ্ছেন কিংবা সকাল থেকেই কতটা শারীরিকভাবে সক্রিয় থাকছেন—এসব অভ্যাসের প্রভাব পড়তে পারে হৃদ্‌স্বাস্থ্যে। প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘ মেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই সময় থাকতে এসব অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

সকালের কোন পাঁচ অভ্যাস হৃদ্‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তা জেনে নেওয়া যাক।

১. চায়ের সঙ্গে সিগারেট

অনেকের সকাল শুরু হয় এক কাপ চা আর একটি সিগারেট দিয়ে। কিন্তু এই অভ্যাস হৃদ্‌যন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান রক্তনালির ক্ষতি করে, ধমনিতে প্লাক জমার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। এর ফলে করোনারি হৃদ্‌রোগ, স্ট্রোক ও পেরিফেরাল আর্টারি ডিজিজের আশঙ্কা বাড়তে পারে।

দিনে পাঁচটির কম সিগারেট খেলেও হৃদ্‌যন্ত্রের ক্ষতির প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। তাই শুধু সকালে নয়, দিনের যেকোনো সময় ধূমপান এড়িয়ে চলা এবং অভ্যাসটি পুরোপুরি ত্যাগ করাই সবচেয়ে জরুরি।

২. প্রাতরাশে প্রক্রিয়াজাত খাবার

সকালের নাশতায় প্যাকেটজাত খাবার, প্রক্রিয়াজাত মাংস, ইনস্ট্যান্ট নুডলস কিংবা অতিরিক্ত লবণযুক্ত মুখরোচক খাবার খাওয়ার অভ্যাস থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। এসব খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি থাকতে পারে, যা রক্তচাপ বাড়াতে পারে। পাশাপাশি অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর চর্বিও শরীরে প্রবেশ করে।

এর পরিবর্তে সকালের খাবারে গোটা শস্য, ফলমূল, শাকসবজি ও স্বাস্থ্যকর প্রোটিন রাখা ভালো। নিয়মিত অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত।

৩. চা-কফিতে অতিরিক্ত চিনি

সকালে এক কাপ চা বা কফি অনেকেরই পছন্দ। তবে তাতে অতিরিক্ত চিনি মেশানোর অভ্যাস দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চা, ফ্লেভারযুক্ত কফি কিংবা এনার্জি ড্রিংকে থাকা বাড়তি চিনি শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে। নিয়মিত চিনিযুক্ত পানীয় পান করলে ওজন বৃদ্ধি ও বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে, যা হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ায়।

তাই চা-কফিতে চিনির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনা ভালো। পাশাপাশি সকালে পর্যাপ্ত সাধারণ পানি পান করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

৪. ঘুম থেকে উঠেই কাজে বসা

বাড়ি থেকে কাজ করেন এমন অনেকেই ঘুম ভাঙার পরপরই টেবিল-চেয়ারে বসে অফিসের কাজ শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এবং শারীরিক নিষ্ক্রিয়তা হৃদ্‌রোগের পরিচিত ঝুঁকির কারণ।

এ জন্য সকালে ঘুম থেকে উঠেই কঠিন ব্যায়াম শুরু করার প্রয়োজন নেই। অল্প হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম কিংবা কাজের ফাঁকে নিয়মিত বিরতি নিয়ে শরীর সক্রিয় রাখা যায়। নিয়মিত শারীরিক পরিশ্রম রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে।

৫. নিয়মিত ওষুধ না খাওয়া

উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই ব্যস্ততার কারণে ওষুধ খেতে ভুলে যান। কেউ কেউ আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের মাত্রা বা খাওয়ার সময় পরিবর্তন করেন। এ ধরনের অভ্যাস বিপজ্জনক হতে পারে। নিয়মিত ওষুধ না খেলে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে।

তাই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি। ভুলে যাওয়ার সমস্যা থাকলে মুঠোফোনে অ্যালার্ম দিয়ে রাখা কিংবা প্রতিদিনের নির্দিষ্ট কোনো কাজের সঙ্গে ওষুধ খাওয়ার সময় মিলিয়ে নেওয়া যেতে পারে।

হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে শুধু সকালের অভ্যাস নয়, সারাদিনের জীবনযাপনেও সচেতন হওয়া প্রয়োজন। ধূমপান পরিহার, সুষম খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যায়। বিশেষ করে উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা বা পরিবর্তন করা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026