শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন? জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের সংঘাতের পরিচিতি ছাড়িয়ে পর্যটকদের আকর্ষণ করছে মোগাদিশু কীভাবে মাঝ আকাশে জড়িয়ে গেল দুই স্কাইডাইভারের প্যারাস্যুট? দিনাজপুর-ঢাকা রুটে নতুন রেলপথ নির্মাণ করছে সরকার সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, ভিজতে পারে যেসব বিভাগ যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষে দুই স্কাইডাইভারের মৃত্যু ৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল ইয়েমেনে তিন মাসে ঘরছাড়া ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ ৪০ দিনে হাতে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

দিনাজপুর-ঢাকা রুটে নতুন রেলপথ নির্মাণ করছে সরকার

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮.৫৭ পিএম
  • ১৪ Time View
22

উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সহজ ও দ্রুত করতে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৩১ হাজার ৫০০ কোটি টাকার রেল ও সড়ক যোগাযোগ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি ডুয়েলগেজ রেলপথ নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দিনাজপুর থেকে ঢাকায় ট্রেনে যাতায়াতের দূরত্ব ১১৪ কিলোমিটার কমতে পারে। এতে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টায় রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসানুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৩ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত লোকোমোটিভ রেল কারখানা পরিদর্শন শেষে স্থানীয় রেল বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ওই বৈঠকে উত্তরবঙ্গের রেল যোগাযোগ উন্নয়নের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এরপর দিনাজপুর-ঢাকা রেল যোগাযোগ উন্নয়ন এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমানে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেনকে সান্তাহার ও ঈশ্বরদী হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে যাত্রার সময় বেড়ে যায়। বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি ডুয়েলগেজ রেলপথ নির্মিত হলে এই ঘুরপথের দূরত্ব কমবে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে নেওয়া প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৪৪২ কোটি টাকা। রেলপথটি চালু হলে ট্রেনের চলাচলের দূরত্ব ১১৪ কিলোমিটার কমার পাশাপাশি সান্তাহার ও ঈশ্বরদী হয়ে যাতায়াতে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় সাশ্রয় হতে পারে।

রেল যোগাযোগের পাশাপাশি উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ উন্নয়নেও বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে ১৯ হাজার ৫৬ কোটি টাকা। প্রায় ১৯০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে সার্ভিস লেনসহ ছয় লেনের সুবিধা রাখা হচ্ছে। প্রকল্পে রয়েছে ৯টি ফ্লাইওভার ও ২২টি ওভারপাস। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মহাসড়কটির নির্মাণকাজের ৯৫ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।

এদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল আন্তর্জাতিক ইন্টারচেঞ্জের কাজও এগিয়েছে। এর প্রায় ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার যানবাহনকে বিভিন্ন সড়কসংযোগে সিগন্যালের জন্য অপেক্ষা না করে চলাচলের সুযোগ তৈরি হবে।

দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর শহরের চার লেনের সড়ক এবং টার্মিনাল সংযোগের কাজও শিগগির শুরু হওয়ার কথা রয়েছে। এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হতে পারে। একই সঙ্গে দিনাজপুরের কাটারিভোগ চাল, লিচু ও আলুর মতো কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছানো সহজ হবে।

রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগও নিয়েছে সরকার। মোট ৮০টি লোকোমোটিভ আনার পরিকল্পনার মধ্যে ৩০টি কেনার প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে এগুলো কেনা হবে। দেশে লোকোমোটিভগুলো পৌঁছাতে আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা।

রেলপথ ও মহাসড়ক উন্নয়নের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করা এবং উন্নত যোগাযোগসুবিধা কার্যকরভাবে চালু করাই এখন বড় বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026