
নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে এক যুবককে চলন্ত অটোরিকশায় মাইক ব্যবহার করে প্রচার চালাতে দেখা যায়।
ভিডিওতে ওই যুবক প্রথমে মান্দার বাসিন্দাদের সালাম ও শুভেচ্ছা জানান। পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে দাবি করেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে প্রচার শেষ করেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি বৃহস্পতিবারের। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।