সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সরকারি চুক্তিতে এআই টেকনিশিয়ান নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন করবেন যেভাবে

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬.২০ পিএম
  • ২২ Time View
45

দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে মোট ৪৯৫ জন এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির কৃত্রিম প্রজনন দপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

এ নিয়োগ প্রচলিত স্থায়ী সরকারি চাকরি নয়। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের আওতায় নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে সরাসরি চুক্তি সম্পাদন করা হবে। চুক্তির মেয়াদ থাকবে চুক্তি সম্পাদনের তারিখ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।

নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠান: প্রাণিসম্পদ অধিদপ্তর

পদের নাম: এআই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১)

পদসংখ্যা: ৪৯৫টি

কর্মস্থল: দেশের ৪৯৫টি উপজেলা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর

অভিজ্ঞতা: সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা

প্রশিক্ষণ: জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে চার মাসের প্রশিক্ষণ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে দুই মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণের সনদ বা প্রত্যয়নপত্র

চুক্তির মেয়াদ: ৩০ জুন ২০২৭ পর্যন্ত

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ান হতে হবে। কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে ওই উপজেলার সর্বোচ্চ অভিজ্ঞ প্রার্থীকে বিবেচনা করা হবে।

কাজের দায়িত্ব ও শর্ত

নির্বাচিত টেকনিশিয়ানদের নিজ উপজেলায় প্রতি মাসে কমপক্ষে ৫০টি গবাদিপশুর কৃত্রিম প্রজনন সম্পন্ন করার অঙ্গীকার করতে হবে। এ কাজের অগ্রগতি ও প্রজননসংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ ছাড়া খামারি বা সেবাগ্রহীতাদের কাছ থেকে সরকার নির্ধারিত এআই ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। আদায় করা নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী নির্বাচিত টেকনিশিয়ানরা সরকার নির্ধারিত সেবামূল্য বা সম্মানী পাবেন। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মাসিক সম্মানীর পরিমাণ উল্লেখ করা হয়নি।

এ নিয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরে ভবিষ্যতে স্থায়ী সরকারি চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরমে অথবা সাদা কাগজে স্বহস্তে লিখিত বা টাইপ করা জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন।

আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবেঃ

1. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

2. শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।

3. নির্ধারিত প্রশিক্ষণ সনদের কপি।

4. অভিজ্ঞতার সনদের কপি।

5. জাতীয় পরিচয়পত্রের কপি।

6. নিবন্ধিত মোবাইল নম্বর।

7. নাগরিকত্ব সনদ।

খামের ওপর পদের নাম, আবেদনকারীর নিজ জেলা ও উপজেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়ঃ

আবেদনপত্র পাঠাতে হবে

পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদন পাঠানোর মাধ্যম হবে রেজিস্ট্রি ডাক অথবা কুরিয়ার সার্ভিস। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট দুটি হলো www.dls.gov.bd এবং www.aic.dls.gov.bd।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026