শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯.১৫ এএম
  • ২১ Time View
32

যুদ্ধ, সংঘাত ও সহিংসতার কারণে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৮৮ লাখ শিশু বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি হারিয়ে এসব শিশুর অনেকেই আশ্রয় নিয়েছে নিজ দেশের অন্য এলাকায়, আবার অনেকে সীমান্ত পেরিয়ে ঠাঁই নিয়েছে ভিনদেশে। এমন পরিস্থিতিতে আজ ২০ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার থাকলেও বাস্তবে লাখো শিশুর শৈশব কাটছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায়।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালে বিশ্বে যুদ্ধ ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৭০ লাখ। দেড় দশকের ব্যবধানে এ সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। বর্তমানে বাস্তুচ্যুত শিশুদের মধ্যে প্রায় ২ কোটি ৯৪ লাখ নিজ দেশের ভেতরে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়েছে। আর প্রায় ১ কোটি ৯১ লাখ শিশু শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতি চারজন শিশুর একজন সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করছে। সংখ্যার হিসাবে এ সংখ্যা প্রায় ৫৮ কোটি ৯০ লাখ। ফিলিস্তিনের গাজা, সুদান, মিয়ানমার, কঙ্গো ও আফগানিস্তানের মতো দেশে সংঘাতের কারণে শিশুরা প্রাণহানি, বাস্তুচ্যুতি ও নানা সংকটের মুখে পড়ছে। বোমা হামলায় স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে অনেক শিশু।

বাংলাদেশেও বৈশ্বিক এই সংকটের বড় প্রভাব পড়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও ইউনিসেফের ২০২৬ সালের তথ্য অনুযায়ী, মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবির ও ভাসানচরে বসবাস করছে। এ জনগোষ্ঠীর ৫২ শতাংশের বেশি শিশু, সংখ্যায় যা ৬ লাখ ২৪ হাজারেরও বেশি। রাখাইনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় গত দেড় বছরে আরও লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে সরবরাহকৃত তথ্যে উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গা শিশুদের সুরক্ষা ও শিক্ষার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে। তবে তহবিল সংকটের কারণে এসব কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ বাড়ছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিবিরগুলোতে স্কুলগামী প্রায় ৫ লাখ রোহিঙ্গা শিশুর মধ্যে ৩ লাখ ১২ হাজার শিশু মানবিক শিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে। দাতা দেশগুলোর অর্থায়ন কমে যাওয়ায় প্রায় ২ লাখ শিশু আনুষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। একই সঙ্গে চালু থাকা শিক্ষাকেন্দ্রগুলোও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

শিক্ষার পাশাপাশি রোহিঙ্গা শিশুরা নানা স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরে বসবাস, পুষ্টিহীনতা, পানিবাহিত রোগ এবং ঘূর্ণিঝড় ও ভূমিধসের মতো দুর্যোগ তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় শিশুশ্রম, বাল্যবিবাহ ও মানবপাচারের ঝুঁকিও বাড়ছে বলে মানবিক সংস্থাগুলোর উদ্বেগ রয়েছে।

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয়। দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়। এ দিবসের মূল লক্ষ্য শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।

দিবসটি উপলক্ষে মানবিক সংস্থাগুলোর আহ্বান, যুদ্ধ ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় পর্যাপ্ত অর্থায়ন, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026